`নেক্সাস' ব্র্যান্ড নামের সাত ইঞ্চি মাপের একটি ট্যাবলেট তৈরি করেছে গুগল। মে মাস নাগাদ গুগলের এ ট্যাবলেটটি বাজারে আসার কথা ছিল।
এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, যাঁরা শিগগির গুগলের ট্যাবলেটটি কেনার আশা করছিলেন, তাঁদের আরও অপেক্ষায় রাখছে গুগল। জুলাই মাসে বাজারে আসবে গুগলের এই নতুন ট্যাবলেট। তবে সবুরে মেওয়া ফলে-কথাটা ঠিক রাখতেই যেন গুগল তার দেরিতে আসা নতুন ট্যাবলেটটির দাম কমাবে। আগে যেখানে ২৯৯ ডলার দাম রাখা হবে বলে বলা হচ্ছিল, সেখানে মাত্র ১৫০ থেকে ২০০ ডলারে বিক্রি হবে গুগলের এই ট্যাবলেট। এর মধ্যে উত্পাদন শুরু হয়েছে `নেক্সাস' ট্যাবলেটের। প্রথমে ছয় লাখ `নেক্সাস' ট্যাবলেট বাজারে ছাড়বে গুগল। এই ট্যাবলেটে গুগলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহূত হবে।
গুগলের নতুন এই ট্যাবলেট সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী দামের কারণে বর্তমানে বাজারে থাকা আমাজনের কিন্ডল ফায়ার নামের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে গুগলের ট্যাবলেট।
৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেটের দামও ১৯৯ ডলার। বাজারে ৭ ইঞ্চি মাপের কম দামি ট্যাবলেটের মধ্যে রয়েছে ১৬৯ ডলার দামে বার্নস অ্যান্ড নোবেলের তৈরি নুক কালার ট্যাব। তুলনামূলকভাবে বাজারের জনপ্রিয় ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের নিউ আইপ্যাডের দাম ৪৯৯ ডলার।
গুগলের নতুন এই ট্যাবলেট তৈরিতে আসুস কাজ করতে পারে বলেও খবর রটেছে। নতুন এ ট্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহূত হতে পারে। তবে বিশ্লেষকদের ধারণা, গুগল এ ট্যাবলেট বাজারে আনতে দেরি করার পেছনে আরেকটি কারণ রয়েছে, তা হলো অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ `জেলি বিন'। নতুন ট্যাবলেটে জেলি বিন যুক্ত করতে পারে গুগল।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন ট্যাবলেট বিক্রির জন্য গুগল আগে ভাগে প্রস্তুতিও নিয়ে রেখেছে। তাদের নতুন এ ট্যাবলেট বিক্রির জন্য অনলাইন স্টোর খোলার কথাও জানিয়েছে গুগল।
