গুপ্তচরবৃত্তি ঠেকাতে অ্যাপলের নিজস্ব রেস্টুরেন্ট

Friday, May 25, 2012

অ্যাপলের কয়েকজন কর্মী অফিসের বাইরের রেস্তোরাঁয় বসে দুপুরের খাবার খাচ্ছেন। খাবারের ফাঁকে আলাপ করছেন তাদের কাজের অগ্রগতি সম্পর্কে। হয়তো সে আলাপে রয়েছে নতুন কোনো পণ্য সম্পর্কেও তথ্য চালাচালি। হঠাৎ পেছনে দেখা গেল কেউ একজন আলোচনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত নোট করছে। জানা গেল সে অ্যাপলের কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী। এই ধরনের কর্পোরেট গুপ্তচরবৃত্তি ঠেকাতেই অ্যাপল চালু করলো স্টাফদের জন্য রেস্টুরেন্ট। টাইম ম্যাগাজিন জানাচ্ছে, আইফোন ফোর আর আইপ্যাড প্রোটোটাইপ ফাঁস হবার মতো ঘটনা আর চায় না অ্যাপল।
বর্তমানে প্রযুক্তি ও টেলিকম সেক্টরে তুমুল প্রতিযোগিতায় তথ্য চুরির হিড়িক পড়ে গেছে। সমশ্রেণীর এক কোম্পানি চুরি করছে অন্য কোম্পানির ভবিষ্যত প্রযুক্তির খবরাখবর। এ পরিস্থিতিতে অ্যাপল সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে কোনো কর্মী অফিসের বাইরে খাবার খেতে যেতে পারবে না।
ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে হেড অফিসের ভেতরেই চালু হচ্ছে অ্যাপলের এই নিজস্ব রেস্টুরেন্ট। ইতোমধ্যে প্রায় সাড়ে ২১ হাজার বর্গফুট জায়গা রেস্টুরেন্টের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। জানা গেছে, ওই রেস্টুরেন্টে অ্যাপলের নিজস্ব কর্মকর্তা ছাড়া টুরিস্ট বা বাইরের কেউ প্রবেশ করতে পারবে না।
অ্যাপল জানিয়েছে, তারা চায় কোম্পানির কর্মীরা লাঞ্চ টাইমে নিজস্ব রেস্টুরেন্টে নিশ্চিন্তে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলুক। এতে আড়ি পেতে কথা শোনা বা তথ্যচুরির ঘটনা ভবিষ্যতে কমে আসবে।
অ্যাপলের রিয়েল এস্টেট ডিরেক্টর ডেন হুইসেন হান্ট বলেন, মূল ক্যাম্পাসে গবেষণা ও অ্যাপলের নিজস্ব স্যাটেলাইট তৈরির কাজ চলছে। তাই এটা সময়ের দাবি।
উল্লেখ্য অ্যাপলের আইফোন ৪ বাজারে আসার কিছুদিন আগেই নতুন ওই মডেলের একটি প্রোটোটাইপ লাঞ্চ আওয়ারে চুরি হয়ে গিয়েছিলো। ওই ঘটনা শেষতক পুলিশ ও আদালত পর্যন্ত গড়ায়।

Copyright @ 2013 Prothom Alo. Designed by Templateism | MyBloggerLab

Blog Archive

About Metro

Follow us on Facebook